আসন্ন দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সাথে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে পাঁচটি আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
আজ রবিবার (১১ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে 'ঢাকা স্পেশাল-৩' চলাচল করবে। এ ছাড়া ঢাকা-কক্সবাজার রুটে 'ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২' আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর 'চট্টগ্রাম স্পেশাল-৪' চালু থাকবে।
পূজা উপলক্ষে পূর্বাঞ্চলের 'কক্সবাজার এক্সপ্রেস'-এর ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের 'জাহানাবাদ এক্সপ্রেস' ও 'রূপসী বাংলা এক্সপ্রেস'-এর ১৯ অক্টোবর, 'পদ্মা এক্সপ্রেস'-এর ২০ অক্টোবর এবং 'মধুমতি এক্সপ্রেস'-এর ২৪ অক্টোবরের অফ ডে বাতিল করে ট্রেনগুলো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের চাহিদা মেটাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। সময়সূচি ঠিক রাখা ও শিডিউল বিপর্যয় এড়াতে জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনগুলোতে নিবিড় তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ট্র্যাক ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে পেট্রোলিং জোরদার থাকবে।
দুর্গাপূজায় যাত্রী নিরাপত্তা নিশ্চিতে কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির পাহারা বাড়ানো হয়েছে। আগামী ১৯ ও ২০ অক্টোবর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।


