বেসরকারি খাতের দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
মঙ্গলবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাদের নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
তবে মোহাম্মদ মোশাররফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব গ্রহণের আগে তাকে ইউসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদে এই পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।


