...|...|...

জাতীয়

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৮
Shares
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও পায়নি বাংলাদেশ সরকার। চিঠি পাঠানোর তিন সপ্তাহ পার হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিষয়টি নিয়ে দেশটির সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের মিশন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করছে। দ্রুত এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে ঢাকা।

সৌদি সরকারের কাছ থেকে এখনো কোনো জবাব পাওয়া গেছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং জবাব পেতে কিছুটা সময় লাগছে। শিগগিরই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

গত ১৪ অক্টোবর মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত কার্যকরের আগে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে বিষয়টি জানানো হয়নি বলে জানিয়েছে ঢাকা।

সংবাদমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। একই দিন জেদ্দার পররাষ্ট্র দপ্তরেও চিঠি দেওয়া হয়। এর তিন দিন পর ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করে একই চিঠি হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ভারতের সাথে গঙ্গা পানিবণ্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গঙ্গা চুক্তি নবায়ন না হলে ভারতের পণ্য আমদানি বন্ধ করে দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আগের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী। বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতের সাথে বাংলাদেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রতিবেশী দেশের সাথে মতবিরোধ থাকলেও তা সমাধানের জন্য যোগাযোগ ও আলোচনার বিকল্প নেই।

তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন সমস্যা রয়েছে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ন্যায্য অধিকার আদায়ের জন্যও সংশ্লিষ্ট পক্ষের সাথে কথা বলা প্রয়োজন। এটিই কূটনীতির স্বাভাবিক প্রক্রিয়া।