চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বুধবার (৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকার কবর থেকে তাদের লাশ তোলা হয়।
প্রথমে সেলিম খানের লাশ উত্তোলন করা হয়। পরে একই স্থান থেকে তার ছেলে শান্ত খানের লাশও তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন দেওয়ার পর বুধবার লাশ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় জনতার হামলায় সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। সেই মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত তাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন এবং একাধিক সিনেমায় কাজ করেছেন।
সেলিম খানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে তিনি ‘বালুখেকো চেয়ারম্যান’ নামে পরিচিতি পান।
এ ছাড়া সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিক মামলা ছিল। এসব মামলায় তার কারাবাসের ঘটনাও রয়েছে।
এখন আদালতের নির্দেশে লাশ দুটি উত্তোলনের পর ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এরপর তদন্তের অগ্রগতি ও পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


