‘মিরাক্কেল’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে পরপর দুই দিন শুটিংয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত না থাকা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র লেখক ও পরিচালক মানসুর আলম নির্ঝর। এ ঘটনায় ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর পল্লবী, মিরপুরে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘হাঙামা’ নাটকের টিম। সেখানে নির্মাতা মানসুর আলম নির্ঝর জানান, পরপর দুই দিন শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করার পরও কাজ করা সম্ভব হয়নি। এতে পুরো ইউনিটের প্রায় ৬০ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নির্ঝরের হিসাব অনুযায়ী, দুই দিনের শুটিং বন্ধ থাকায় প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি নাটকটির জন্য টিমের দুই মাসের প্রস্তুতি ও পরিশ্রমও ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ‘আমরা তার কাছে ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা দাবি জানাই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানসুর আলম নির্ঝর জানান, এ বিষয়ে তিনি ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অবহিত করেছেন। পাশাপাশি অভিনেতা পাভেলের এলাকার সোসাইটি ও পল্লবী থানাকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
‘হাঙামা’ নাটকের অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন সাইদুর রহমান পাভেল, সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে। নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পরিকল্পনা ছিল।
এদিকে নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


