বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া সব তথ্য এখনই বিশ্বাস করছে না তদন্ত সংস্থাটি।
শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।
তিনি বলেন, দীপ অনেক তথ্য দিয়েছেন। তবে তার দেওয়া সব তথ্য বিশ্বাস করা হচ্ছে না। প্রতিটি বিষয় আলাদাভাবে যাচাই করে দেখা হচ্ছে।
পিবিআইয়ের এই কর্মকর্তা জানান, সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করতে ছায়া তদন্ত চালাচ্ছে পিবিআই। নৌ পুলিশ বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখা। অন্যদিকে, পিবিআইও পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা। সে কারণে নৌ পুলিশের তদন্তে সহযোগিতার অংশ হিসেবে তারা কাজ করছেন।
তদন্তের একপর্যায়ে তারা জানতে পারেন, সাউরি নিখোঁজ হওয়ার রাতে তার সাথে দীপ নামে এক বন্ধু ছিলেন। বর্তমানে দীপ পিবিআইয়ের হেফাজতে রয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি সাউরির নিখোঁজ হওয়ার ঘটনার সাথে সংশ্লিষ্ট কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
এনায়েত হোসেন মান্নান আরও জানান, দীপের বক্তব্য অনুযায়ী, তারা ওই এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কোথায় কোথায় অবস্থান করেছিলেন, সে সম্পর্কেও কিছু তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না তদন্ত সংস্থা।
তিনি বলেন, তদন্তের স্বার্থে দীপের দেওয়া সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
এদিকে, তাদের কেউ ধাওয়া করেছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি বলেন, দীপের দাবি অনুযায়ী, পুলিশের মতো পোশাক পরা দুজনকে দেখে তারা দৌড়ে পালিয়েছিলেন। তবে ওই দুজন কারা, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল সম্পর্কে তিনি বলেন, জায়গাটি একটি খোলা মাঠ, যার তিন দিকেই নদী রয়েছে। দীপের দেওয়া বক্তব্যের সাথে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি এবং প্রযুক্তিগত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
পিবিআইয়ের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাসংশ্লিষ্ট বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে কিছু ফুটেজে বিভ্রান্তিকর তথ্য থাকায় সেগুলো সতর্কতার সাথে বিশ্লেষণ করা হচ্ছে। সব তথ্য যাচাই শেষে তদন্তের বিস্তারিত বিষয় জানানো হবে।


