নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করেছে। গত মার্চে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় জয়ে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া ৩৬ বছর বয়সী শাহ দুই দিনের সফরে রবিবার দিল্লি পৌঁছাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।
আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু, সীমান্ত সমস্যা এবং গত আগস্টের ভয়াবহ বন্যার পর নেপালের পুনর্গঠনে সহায়তা গুরুত্ব পেতে পারে। ওই বন্যায় ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং এখনও হাজারো মানুষ নিখোঁজ।
ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি উন্মুক্ত সীমান্ত, গভীর সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক এবং ৯০০ কোটি ডলারের বেশি বাণিজ্য রয়েছে। তবে বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে থাকায় কাঠমান্ডুর অসন্তোষও দীর্ঘদিনের।
জলবিদ্যুৎ দুই দেশের সহযোগিতার অন্যতম বড় ক্ষেত্র। ভারত নেপাল থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন দিয়েছে। নেপাল ভারত হয়ে বাংলাদেশেও বিদ্যুৎ রফতানি করে।
তবে সম্পর্কের বড় বাধা সীমান্ত বিরোধ। ২০১৯ সালে ভারতের মানচিত্রে নেপালের দাবিকৃত কিছু এলাকা অন্তর্ভুক্ত করার পর বিরোধ তীব্র হয়। পরে নেপালও পাল্টা মানচিত্র প্রকাশ করে। বিশ্লেষকেরা আশা করছেন, শাহ এ সফরে বিষয়টি তুলবেন।
নেপাল আরও কিছু ভারতীয় আকাশপথ ব্যবহারের অনুমতি চায়, যাতে ভৈরহাওয়া ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় উড়োজাহাজ কম খরচে চলাচল করতে পারে। তবে বিমানবন্দর দুটির সাথে চীনা নির্মাণ ও অর্থায়নের সম্পর্ক নিয়ে দিল্লির উদ্বেগ আছে বলে নেপালে ধারণা রয়েছে।
ভারত ও চীনের মাঝখানে অবস্থান করায় নেপালের কৌশলগত গুরুত্বও অনেক। ভারত সফরের আগে ২০ সদস্যের একটি নেপালি সংসদীয় প্রতিনিধিদল চীনে পাঠিয়েছেন শাহ, যাকে দুই প্রতিবেশীর সাথে ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
শাহ প্রথম বছরে বিদেশ সফর না করার প্রতিশ্রুতি দিলেও বন্যার পর সেই পরিকল্পনা বদলান। সরকারের হিসাবে পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন, কিন্তু আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি এখনও কম।
অন্যদিকে দেশে শাহের সরকারও সমালোচনার মুখে। পুলিশপ্রধানকে সরানো এবং কিছু গণমাধ্যম কার্যালয়ে পুলিশ পাঠানোর ঘটনায় তার সরকারের বিরুদ্ধে অভিজ্ঞতার ঘাটতি ও সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, শাহের এই সফরের প্রকৃত সাফল্য নির্ভর করবে তিনি দিল্লি থেকে কতটা বাস্তব প্রতিশ্রুতি নিয়ে ফিরতে পারেন তার ওপর। বিশেষ করে পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারলে তা তার জন্য বড় কূটনৈতিক সাফল্য হবে।


