ভারী বৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত দিল্লি ও আশপাশের এলাকা। সোমবার (১২ অক্টোবর) সকালে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমেছে। এতে ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় দিল্লির জন্য রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও তীব্র বজ্রপাত হতে পারে। সোমবার ভোর ৬টায় জারি করা তাৎক্ষণিক সতর্কতা সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকার কথা জানানো হয়।
দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও একই ধরনের আবহাওয়া দেখা গেছে। ভারী বৃষ্টিতে মধ্য দিল্লির করোল বাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দিরের কাছেও পানি জমেছে। এতে সকালের ব্যস্ত সময়ে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এর আগে ১১ অক্টোবরের জন্যও জলাবদ্ধতা, যানজট এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। বিশেষ করে নিচু সড়ক ও যেসব এলাকায় পানি জমার প্রবণতা রয়েছে, সেসব পথে চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে।
সকালের এই বৃষ্টির পরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ছয় দিন দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।


