...|...|...

বিশ্ব

বিশ্ব শিশু দিবস আজ

দারিদ্র্যের কাছে হার মানছে শৈশব, শ্রমে নিয়োজিত প্রায় ১৪ কোটি শিশু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৮:১২
Shares
দারিদ্র্যের কাছে হার মানছে শৈশব, শ্রমে নিয়োজিত প্রায় ১৪ কোটি শিশু

বই-খাতার বদলে শিশুদের জীবিকার সংগ্রাম। ছবি: সংগৃহীত

আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস। দিনটি শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকারের। অথচ বিশ্বের কোটি কোটি শিশুর কাছে শৈশব মানেই জীবিকার সংগ্রাম। যে বয়সে বই-খাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সে অনেক শিশুকে কাজ করতে হচ্ছে মাঠে, কারখানায় কিংবা অন্যের বাড়িতে। শিশু অধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নেওয়া হলেও বিশ্বজুড়ে এখনো শিশুশ্রমের শিকার প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। ২০২৫ সালের জুনে প্রকাশিত ‘চাইল্ড লেবার: গ্লোবাল এস্টিমেটস ২০২৪’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রায় ৭ দশমিক ৮ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত। তাদের মধ্যে ৫ কোটি ৪০ লাখ শিশু এমন ঝুঁকিপূর্ণ কাজ করছে, যা তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের জন্য ক্ষতিকর।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুশ্রমে নিয়োজিত শিশুদের মধ্যে প্রায় ৭ কোটি ৮০ লাখ ছেলে এবং ৫ কোটি ৯০ লাখ মেয়ে। বয়সের দিক থেকেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের একটি উল্লেখযোগ্য অংশের বয়স ১৫ বছরের নিচে। এমনকি ১২ বছরের কম বয়সী শিশুরাও রয়েছে এই তালিকায়।

বিশ্বে শিশুশ্রমের সবচেয়ে বড় অংশ কৃষি খাতে। কৃষিকাজ, পশুপালন ও মাছ ধরার মতো কাজে যুক্ত রয়েছে বিপুলসংখ্যক শিশু। এ ছাড়া শিল্পকারখানা, নির্মাণকাজ, দোকানপাট ও গৃহস্থালির কাজেও শিশুদের অংশগ্রহণ রয়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে তারা শিক্ষা, বিশ্রাম ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

অঞ্চলভেদেও শিশুশ্রমের পরিস্থিতিতে বড় পার্থক্য রয়েছে। সাব-সাহারান আফ্রিকায় বিশ্বের সবচেয়ে বেশি শিশু শিশুশ্রমে নিয়োজিত। দারিদ্র্য, সংঘাত, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া এবং সামাজিক সুরক্ষার ঘাটতি এই সংকটকে দীর্ঘস্থায়ী করছে। অন্যদিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত কয়েক বছরে শিশুশ্রম কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তবে আশার খবরও রয়েছে। আইএলও ও ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বে শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ২ কোটি ২৪ লাখ কমেছে। একই সময়ে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা কমেছে প্রায় ২ কোটি ৫০ লাখ। ২০০০ সালের তুলনায় বিশ্বে শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ১০ কোটির বেশি কমেছে।

তারপরও নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিশ্ব। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধ করার অঙ্গীকার ছিল। কিন্তু সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান বলছে, সেই লক্ষ্য এখনো অনেক দূরে।

বিশেষজ্ঞদের মতে, শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। দরিদ্র পরিবারের আয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের বিনা মূল্যে মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। ইউনিসেফ শিশুদের কথা শোনা এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্তে শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়ন না হলে শিশুশ্রমের এই সংকট কাটবে না। কারণ প্রতিটি শিশুর অধিকার রয়েছে শিক্ষা, খেলাধুলা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ শৈশবের।