...|...|...

সারাদেশ

শাহজালালের (র.) মাজার

দানবাক্সে মিলল রেকর্ড পরিমাণ টাকা ও স্বর্ণ-রুপা

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৬
Shares
দানবাক্সে মিলল রেকর্ড পরিমাণ টাকা ও স্বর্ণ-রুপা

ছবি: সংগৃহীত

সিলেটের আধ্যাত্মিক কেন্দ্র হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে স্থাপন করা দানবাক্স থেকে পাওয়া অর্থের চূড়ান্ত গণনা সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৩৪ দিন পর খোলা এই দানবাক্স থেকে নগদ ৭০ লাখ ৮৫ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।

একই সাথে নগদ অর্থের পাশাপাশি উপহার হিসেবে মিলেছে ২ ভরি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা। এছাড়া মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখির হিসাব ও অন্যান্য সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণনা শেষে সার্বিক হিসাব ও চূড়ান্ত অর্থ সংগ্রহের পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত ও ঘোষণা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে আজ সকাল থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে স্থানীয় রাজনীতিক, গণ্যমান্য ব্যক্তি, মাজারের মুয়াল্লি এবং সংবাদ মাধ্যম কর্মীদের সামনে প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই গণমাধ্যমের সামনে এই গণনা পরিচালনা করা হয়।

উল্লেখ্য, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে গত জুন মাসে সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্দেশে ঐতিহ্যবাহী ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসানো হয়েছিল। এরপর প্রথম দফায় ২২ জুন ১৭ লাখ ৫৪৯ টাকা এবং দ্বিতীয় দফায় ১১ জুলাই ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা সংগৃহীত হয়। আজ তৃতীয় দফায় ৩৪ দিন পর দানবাক্স খুলে আগের সব রেকর্ড ছাড়িয়ে ৭০ লাখ ৮৫ হাজার ৬৭২ টাকা পাওয়া গেল।

এদিকে, দানবাক্সে পাওয়া কোটি টাকার এই হিসাবের পাশাপাশি এক অসহায় নারীর আকুতিভরা আবেগঘন চিরকুটও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে সমাজে মাদকের বিষাক্ত থাবা এবং স্বজনদের কুপথে চালিত করার বিরুদ্ধে স্রষ্টার দরবারে বিচার চাওয়া হয়।