...|...|...

শিক্ষা

দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৩
Shares
দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের শেষ তারিখ ২৮ নভেম্বর। এ ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ২৯ নভেম্বর। অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর।

২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানদের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৭ অক্টোবর ২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হলেও আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত রাখা হয়েছে।