...|...|...

রাজশাহী

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, দুপুর ১:০৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৩
Shares
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা। ছবি: টাইমস টুডে

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও এক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি অটোরিকশাচালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান। আহত বিষ্ণ হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাবা-ছেলে ঠাকুর হালদার ও বিষ্ণ হালদার বাড়ি থেকে বের হন। পরে তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।
পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ বাড়িতে নিয়ে যান।