ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতা সৌরভ দাস। তিনি ঘোষণা দিয়েছেন, সরকারের যতই বাধা আসুক না কেন, তারা দমে যাবেন না এবং আরও পূর্ণ শক্তি নিয়ে রাজপথে ফিরে আসবেন।
রবিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে সিজেপি নেতা সৌরভ দাস এই মন্তব্য করেন।
বিবৃতিতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে সৌরভ দাস অভিযোগ করেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগকারী সাধারণ নাগরিকদের কণ্ঠরোধ করতে সরকার শক্তিপ্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। এছাড়া বর্তমান সরকারের টিকে থাকার ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারই মূল ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।
সৌরভ দাস বলেন, নাগরিকদের তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার অপরাধে যেভাবে অভূতপূর্ব শক্তিপ্রয়োগ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে, তাতে বর্তমান সরকার সম্পূর্ণ উন্মোচিত হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম সরকারের কোনো হুমকি বা ভীতিকে তোয়াক্কা করবে না এবং তাদের দমিয়ে রাখা যাবে না। প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা পিছু হটছি না। আমরা পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরে আসছি!
উল্লেখ্য, গত ১০ অক্টোবর দিল্লির বিক্ষোভ চলাকালীন পুলিশি ব্যবস্থার মুখে পড়া সিজেপি নেতারা সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার পর মুক্তি পান।


