...|...|...

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৩
Shares
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নিহত প্রবাসী ব্যবসায়ী মারুফ বেপারি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় শরীয়তপুরের ডামুড্যার প্রবাসী ব্যবসায়ী মারুফ বেপারিকে (৪৩) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও স্থানীয় প্রবাসীদের দাবি, চাঁদা পরিশোধ নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে মারুফের মৃত্যুর খবর দেশে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্বজনদের মধ্যে।

মারুফ বেপারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক। জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন তিনি। কেপটাউনের বুস্টার এলাকায় একটি দোকান চালাতেন মারুফ।

পরিবার ও স্থানীয় প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় ব্যবসা পরিচালনার জন্য একটি সশস্ত্র গোষ্ঠী মারুফের কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড চাঁদা দাবি করত। গত তিন মাসের মধ্যে তার দোকান দুই মাস বন্ধ ছিল। এ কারণে তিনি এক মাসের চাঁদা দিতে চাইলেও গোষ্ঠীটি তিন মাসের চাঁদা দাবি করে।

নিহতের ভাতিজা কামরুজ্জামান বেপারি জানান, চাঁদার টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে ফিরে এসে তার কাকাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

বর্তমানে মারুফের লাশ দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন বলেন, “প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, স্বজনদের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।