...|...|...

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:৫৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:০১
Shares
দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক আশ্রয় বা ‘এসাইলাম’ প্রত্যাশীদের জন্য নতুন আবেদন গ্রহণের সুযোগ আবারও চালু হতে যাচ্ছে। আগামী সোমবার (৫ অক্টোবর) থেকে নতুন আবেদনকারীরা সরাসরি রিফিউজি রিসেপশন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব রিফিউজি রিসেপশন অফিসের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিবাসনভিত্তিক সামাজিক সংস্থা ‘রিফিউজি সোশ্যাল সার্ভিসেস’ও আগামী ৫ অক্টোবর থেকে আবেদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সুযোগটি ফের চালু হওয়ায় প্রবাসী আশ্রয়প্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দেশটিতে বর্তমানে পাঁচটি রিফিউজি রিসেপশন অফিস সক্রিয় রয়েছে—মুসিনা, ডেসমন্ড টুটু, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউন। এসব কেন্দ্রে নতুন আশ্রয়প্রার্থীদের সরাসরি উপস্থিতিতে ছবি, আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও আবেদন যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হবে।

তবে এই নতুন সুযোগ কেবল প্রথমবার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। চলতি বছরের ১২ মে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের রায় অনুযায়ী, যাদের আগের আবেদন ইতোমধ্যে চূড়ান্তভাবে খারিজ হয়েছে, তারা পুনরায় আবেদন করতে পারবেন না।

কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে আবেদনকারীদের সরাসরি সরকারি রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে নিরাপদ ও আইনি প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছে হোম অ্যাফেয়ার্স।