বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানগুলোর মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৪টার দিকে বলীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ও বিজিবির সদস্যরা আগুন নেভানোর কাজে যোগ দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ২০২০ সালে এ বাজারে ১০৯টি দোকান পুড়ে যায়। এরপর ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এবারও ১৩টি দোকান পুড়ে গেছে। বারবার অগ্নিকাণ্ডে বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, অগ্নিকাণ্ডের সময় ১৩টি দোকানের কোনো ব্যবসায়ীই দোকানে ছিলেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে বৈদ্যুতিক ত্রুটি বা ফ্রিজে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


