বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি নোহা গাড়ি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ পর্যটক আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার কয়েকজন বাসিন্দা একটি নোহা গাড়িতে করে তিন্দুর দিকে যাচ্ছিলেন। আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর খবর পেয়ে বলিপাড়া বিজিবির সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন্দু সড়কে পর্যটকবাহী একটি নোহা খাদে পড়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


