গাইবান্ধার শ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একইসাথে শ্রমিক হত্যার দায় নিয়ে সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, গাইবান্ধার শ্রমিক তৌফিকের অপরাধ কী ছিল? তিনি শুধু আগুনঝরা বাজারে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার চেয়েছিলেন। সেই অধিকার চাওয়ার মূল্য তাকে জীবন দিয়ে দিতে হয়েছে।
তিনি আরও বলেন, যে সরকার বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে পারে না, যে সরকার দফায় দফায় গ্যাসের দাম বাড়ায়, সেই সরকার শ্রমিক হত্যা করে আবার গায়ের জোর দেখায়।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে ডাকসু ভিপি বলেন, আর টালবাহানা না করে অবিলম্বে প্রত্যেক শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি শ্রমিক হত্যার দায় নিয়ে সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, শ্রমিক মারার সরকার, আর নয় দরকার।
সাদিক কায়েম ডাকসুর ভিপির পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী।


