মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টা মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৫৩ ডলারে গিয়ে ঠেকেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হয়েছে।
রয়টার্স বলছে, প্রধান মধ্যপ্রাচ্য উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার স্থায়ী আশঙ্কার কারণেই মূলত অপরিশোধিত তেলের এই দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের ওপর ধারাবাহিক হামলা এই পরিস্থিতির সৃষ্টি করেছে।


