...|...|...

বিশেষ প্রতিবেদন

রেস্টুরেন্ট ব্যবসায় সরকারি অনুমোদন

তেরো দফতরের গোলকধাঁধা

প্রাথমিক সমাধান ওয়ান স্টপ সার্ভিস

নাজমুল হাসান রাজ
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৭
Shares
তেরো দফতরের গোলকধাঁধা

ছবি: এআই জেনারেটেড

(রাজধানী ঢাকায় মোট রেস্টুরেন্ট সংখ্যা আসলে কত। চূড়ান্ত সব কাগজপত্র আছে কয়টি রেস্তোরাঁর। বৈধভাবে ব্যবসায় পরিচালনা করতে কত দফতর যেতে হয় উদ্যোক্তাদের এই মৌলিক প্রশ্নের সঠিক উত্তর নেই কারও কাছে। দেশের ব্যবসা পরিচালনা করতে প্রয়োজন লাইসেন্স বা সরকারি অনুমতিপত্র। রেস্টুরেন্ট ব্যবসায় সরকারি অনুমোদনে নিয়ে টাইমস টুডের বিশেষ আয়োজন; তেরো দফতরের গোলকধাঁধা। তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব।)

রাজধানী ঢাকাসহ সারাদেশে রেস্টুরেন্ট সংখ্যা কত, বৈধ সনদ’ই বা আছে কতজনের। এই প্রশ্নের উত্তর নেই কারও কাছে। সরকারি বৈধ অনুমোদন পেতে ব্যবসায়ীদেও সরকারের তেরো দফতরে ঘুরতে হয় রেস্টুরেন্ট ব্যবসায় সরকারি অনুমোদন পেতে। ঢাকা জেলা প্রশাসনের তথ্যমতে, সাতটি বৈধ কাগজ থাকলে ব্যবসা পরিচালনা সম্ভব। তবে, রেস্তোরাঁ মালিকদের সংগঠন ১০ থেকে ১২টি কাগজ ছাড়া চলে না ব্যবসায় বলে দাবি করেছেন। রেস্টুরেন্ট ব্যবসায় করতে সব মিলিয়ে ১৩টি দফতরের ছাড়পত্র প্রয়োজন হয়।  এ সব  কাগজ গোছাতে তিন থেকে চার মাস, কারও দুই বছর পর্যন্ত সময় ব্যয় হয়। হাল ছেড়ে ট্রেড লাইসেন্স নির্ভর হয়ে অনেকে ব্যবসা পরিচালনা করছেন দিনের পর দিন। তেরো লাইসেন্স এর মধ্যে প্রধান শর্ত ট্রেড লাইসেন্স। 

আইনি কাঠামোতে বলা আছে, রেস্তোরাঁ ব্যবসায় অনুমোদন হয় দুটি ধাপে। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাথমিক নিবন্ধন নিতে হয়। সরকারি অনান্য সংস্থার অনাপত্তিপত্র  ছাড়পত্র পেলে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে চূড়ান্ত লাইসেন্সের আবেদন করতে হয়। এখানে তৈরি হয় আইনি ফাদ দাবি সংশ্লিষ্টদের। একটি রেস্টুরেন্ট করতে উদ্যোক্তাদের তেরো দফতরের গোলকধাঁধায় পড়তে হচ্ছে দাবি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। 

সূত্র বলছে, ব্যবসার নামে ট্রেড লাইসেন্সের জন্য স্থানীয় সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ দিয়ে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন পোর্টাল থেকে নিতে হয় টিআইএন সনদ ও ভ্যাট নিবন্ধন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে খাদ্য নিরাপত্তা নিবন্ধন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অগ্নিনিরাপত্তা ছাড়পত্র। ভবনের নির্মাণ অনুমোদন, স্ট্রাকচারাল প্ল্যান ও অকুপেন্সি সার্টিফিকেটের জন্য রাজউক বা সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। প্রতিষ্ঠানের নাম সুরক্ষায় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরে ট্রেডমার্ক নিবন্ধন। সাথে জমির মালিকানা দলিল বা বৈধ ভাড়া চুক্তিপত্র, মালিক বা পরিচালকদের ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি, আয়কর প্রমাণক এবং নির্দিষ্ট কোডে সরকারি ফি জমা চালানের কপি। 

সংশ্লিষ্টদের ভাষ্য, একেকটি অনুমোদনের জন্য আলাদা আলাদা দফতরে আবেদন, ফি জমা, নথি যাচাই ও পরিদর্শনের ধাপ পেরোতে হয়। কোনো একটি কাগজ আটকে গেলে পুরো প্রক্রিয়াই থমকে যায়। ফলে ব্যবসা চালুর আগেই বছরের পর বছর না হলেও মাসের পর মাস সময় চলে যায়, বাড়ে খরচ আর ভোগান্তি। উদ্যোক্তাদের অভিযোগ, এক জায়গায় সব সেবা পাওয়ার (ওয়ান-স্টপ) কার্যকর ব্যবস্থা না থাকায় নতুন ব্যবসায়ীরা হয়রানি ও অনিয়মের শিকার হচ্ছেন, আর এই সুযোগে দালাল চক্র ও অতিরিক্ত অর্থ আদায়ের পথ তৈরি হচ্ছে।

নিয়ম বলছে, প্রাথমিক নিবন্ধন পাওয়ার এক বছরের মধ্যে সব দফতরের ছাড়পত্রসহ চূড়ান্ত লাইসেন্সের আবেদন জমা দিতে না পারলে সেই নিবন্ধন বাতিল হয়। চূড়ান্ত লাইসেন্স ছাড়া খাবার বিক্রি করা আইনত দণ্ডনীয়। ছাড়পত্র পেতে বিলম্ব হলে উদ্যোক্তার প্রাথমিক নিবন্ধনটিও হারানোর ঝুঁকিতে পড়তে হয়। লাইসেন্সের আবেদন প্রক্রিয়ায় ভবনের মূল মালিকানার দলিলের অনুলিপি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত নকশা জমা দেওয়া বাধ্যতামূলক।
 
এ বিষয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান টাইমস টুডেকে বলেন, ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে বলে আসলেও  কোনো পরিবর্তন নেই। আসলে আমরা তেরো দফতয় নয় আমরা চাচ্ছি ওয়ান স্টপ সার্ভিস। 

তিনি আক্ষেপ করে বলেন, দিনশেষে ব্যবসায়ীরা যাতে ব্যবসা ছেড়ে না যান সেদিকে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ জরুরি। 

অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও অনিয়ম নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে টাইমস টুডেকে বলেন, লাইসেন্স যেমন তেমন মূল সমস্যা ভ্যাটের টাকা নিয়ে । সরকারি ভ্যাটের নির্ধারিত ফি এর বাইরে মাসে মাসে দেওয়া লাগে ভ্যাটের টাকা। দয়াকরে এই ভ্যাটের টাকা দেওয়া যাতে না লাগে সে ব্যবস্থা না করলে ব্যবসা ছেড়ে দিতে হবে। 

এ ছাড়া সব কাগজপত্র ঠিক থাকার পরও বিভিন্ন দফতরের টেবিল পার হতে দুই বছর সময় লেগেছে দাবি করে এক ব্যবসায়ী বলেন, বিভিন্ন স্তরে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছে এই সব সরকারি অনুমোদন পেতে। তিনি জোর দিয়ে বলেন, বাড়তি অর্থ ছাড়া কাজ হয় না । তবে কেউ মুখ খুলতে চায় না কারণ তাকেও ব্যবসা করতে হবে। 

ধৈর্য হারাচ্ছেন উদ্যোক্তারা

রাজধানীর হোটেল ব্যবসায়ী রানা বলেন, প্রাথমিক কাগজপত্র জোগাড় করতেই মাসের পর মাস চলে যায়। এই ভোগান্তি সইতে না পেরে অনেকেই বৈধ লাইসেন্সের আশা ছেড়ে দেন। ঠিক কোন শ্রেণির ভবনে রেস্তোরাঁ পরিচালনা করা বৈধ, সে বিষয়ে রাজউকের কোনো সুস্পষ্ট ও সহজবোধ্য নির্দেশনা নেই। 

উল্লেখ্য- দেশের রেস্টুরেন্ট সংখ্যা প্রায় ৫ লাখের মতো। রেস্তোরাঁ মালিক সমিতির পরিসংখ্যান বলছে, নগরীতে ছোট বড় রেস্তোরা ৩৫ হাজার। জেলা প্রশাসনের দফতরসূত্রের দাবি, ৪০ হাজার ছাড়িয়ে যাবে। প্রশ্ন উঠেছে, রেস্তোরাঁর শতকরা কত ভাগ প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আইনি বৈধতা আছে।  কী কারণে বৈধতা নেই। নেই চুড়ান্ত কাগজপত্রও। 

বিশ্লেষকদের মতে, একটি রেস্টুরেন্ট চালুর অনুমোদন প্রক্রিয়া যত বেশি দফতর নির্ভর হবে, ততই ব্যবসা সহজীকরণের পথে বাধা বাড়বে। একাধিক দফতরে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন নেই, সব সংস্থাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে ওয়ান-স্টপ সেবা চালু করা গেলে সময় ও খরচ দুটোই কমবে।

অর্থনীতিবিদদের দাবি, ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট নিবন্ধন ও খাদ্য নিরাপত্তা সনদের তথ্য একে অপরের সাথে সংযুক্ত করা হলে দালাল নির্ভরতা কমবে এবং নতুন উদ্যোক্তারা সহজে ব্যবসায় আসতে পারবেন। প্রশাসনের লাইসেন্স প্রদানে ধীরগতি। নিবন্ধন ও লাইসেন্সের বছরের ফাঁদ। আর অতিরিক্ত খরচ সব মিলিয়ে অবস্থা এমন যেন এটি দেখার কেউ নেই। তবে অতিরিক্ত খরচের টাকা পকেটে তুলতে ভ্যাটের নামে আছে একদল। যারা মাস আসলে ভোলেন না দাবি সংশ্লিষ্টদের।  

নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, জনস্বাস্থ্য, অগ্নিনিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এসব ছাড়পত্র অপরিহার্য। সমস্যা মূলত সমন্বয়ের অভাব ও প্রক্রিয়ার জটিলতায়। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস টুডেকে বলেন,  খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের আইনি দায়িত্ব। তবে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করতে পারলে উদ্যোক্তাদের অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকাংশেই লাঘব করা সম্ভব।