তুরস্কের সাথে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে তেহরান আঙ্কারার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।
ইরানি সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ কথা জানান পেজেশকিয়ান। তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে পাঠানো ওই বার্তায় দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের বিষয়টিও তুলে ধরেন তিনি।
পেজেশকিয়ান বলেন, দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রতিবেশী রাষ্ট্র দুটির সম্পর্ক আরও গভীর করা সম্ভব। ইরান বরাবরই তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে এসেছে এবং দেশটিকে কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে।
তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে তেহরান প্রস্তুত।


