...|...|...

অর্থনীতি

তুরস্কের সাথে বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০১
Shares
তুরস্কের সাথে বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের ওপর তাগিদ দিয়েছেন তিনি।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেন তিনি। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকের কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে এফটিএ নিয়ে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফল আমদানি এবং বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

আগামী তুরস্ক সফরকালে সে দেশের বাণিজ্যমন্ত্রী ও বিনিয়োগ সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সচ্ছল ইচ্ছে প্রকাশ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের মারাত্মক ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের উন্নত টিএসডিএফ প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

এদিকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন কমসেকের অধীন আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন, ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট এবং হালাল এক্সপোতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বৈঠকে শিল্পসচিব আব্দুন নাসের খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।