...|...|...

সারাদেশ

তীব্র শীতে ড্রেনের পাশে অসহায় বৃদ্ধার কান্না, হাসপাতালে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১:৪১
Shares
তীব্র শীতে ড্রেনের পাশে অসহায় বৃদ্ধার কান্না, হাসপাতালে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

ছবি: টাইমস টুডে

তীব্র শীতের রাত। চারপাশে নীরবতা, ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ১১টা ৩০ মিনিট। হাড়কাঁপানো ঠান্ডায় রাস্তার পাশের ড্রেনের ভেতরে পড়ে কাঁদছিলেন ৭৫ বছরের বেশি বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা। ক্ষুধা, অসুস্থতা আর শীতের তীব্রতায় দুর্বল হয়ে পড়েছিল তার শরীর। ঠান্ডায় বারবার কেঁপে উঠছিলেন তিনি। এমন অসহায় অবস্থায় কে তাকে উদ্ধার করবে, কোথায় মিলবে একটু আশ্রয় কিংবা চিকিৎসা—তা যেন জানা ছিল না বৃদ্ধার।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ফরিদপুর শহরতলির পশ্চিম খাবাসপুর এলাকায় শামসুল উল্লাহ মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

ঠিক সেই সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ ও তার কয়েকজন সহযোগী। চলার পথে হঠাৎ সড়কের পাশের ড্রেনের ভেতর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পান তারা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে দেখতে পান, ড্রেনের ভেতরে অসুস্থ অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধা।

কাছে গিয়ে বৃদ্ধার অবস্থা দেখে থমকে যান তারা। প্রচণ্ড ক্ষুধায় তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। তার ওপর তীব্র শীতের কারণে শরীর বারবার কেঁপে উঠছিল। অসহায় বৃদ্ধার কান্না ও শারীরিক অবস্থা দেখে আর দেরি করেননি মাহফুজুর রহমান সবুজ ও তার সহযোগীরা।

তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে ড্রেন থেকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বৃদ্ধার যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের দায়িত্বও নেন মাহফুজুর রহমান সবুজ ও তার সহযোগীরা।

এ বিষয়ে মাহফুজুর রহমান সবুজ বলেন, ‘আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ একটি বয়স্ক নারীর কান্নার আওয়াজ শুনতে পাই। পরে কাছে গিয়ে দেখি, তিনি ড্রেনের মধ্যে পড়ে আছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। প্রচণ্ড শীতে কাঁপছিলেন, কথাবার্তাও ঠিকমতো বলতে পারছিলেন না। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তার চিকিৎসার যাবতীয় খরচও আমরা বহন করছি।’

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার কোনো পরিচয় জানা যায়নি।

একটি শীতের রাতে রাস্তার পাশের ড্রেনে পড়ে থাকা একজন অসহায় মানুষের কান্না যে কতটা বেদনাদায়ক হতে পারে, এই ঘটনা তারই প্রতিচ্ছবি। পরিচয়হীন এই বৃদ্ধার পাশে দাঁড়িয়ে কয়েকজন মানুষের তাৎক্ষণিক উদ্যোগ হয়তো তাকে নতুন করে বেঁচে থাকার আশা জোগাবে। শীতের রাতে যখন অনেকেই নিরাপদ আশ্রয়ে, তখন একজন অসহায় মানুষের কান্নায় সাড়া দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ মানবিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন,৭০ বছর বয়সের ঊর্ধ্বে এক বৃদ্ধাকে স্থানীয় কয়েকজন অসুস্থ অবস্থায় রাস্তা থেকে হাসপাতালে নিয়ে এসেছেন এবং আমরা ওই বৃদ্ধাকে সব প্রকারভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।