...|...|...

বরিশাল

তালাকপ্রাপ্ত মায়ের সাথে দেখা করায় কিশোরীকে বেধড়ক মারধর

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০৬
Shares
তালাকপ্রাপ্ত মায়ের সাথে দেখা করায় কিশোরীকে বেধড়ক মারধর

পটুয়াখালীর বাউফলে মায়ের সাথে দেখা করতে যাওয়ায় মরিয়ম (১৩) নামে এক কিশোরীকে মারধরের অভিযোগ উঠেছে তার দাদা ও চাচাতো চাচার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১৫ সেকেন্ডের ভিডিওতে ওই কিশোরীকে অমানবিকভাবে মারধর করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে। তার বাবা ঢাকায় একটি প্লেন সিটের দোকানে চাকরি করেন। প্রায় ১৫ বছর সংসার করার পর দুই মাস আগে মরিয়মের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।

সম্প্রতি মরিয়ম শহরের ‘রান্নাঘর’ নামের একটি রেস্তোরাঁয় গিয়ে তার মায়ের সাথে দেখা করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারার পর ক্ষুব্ধ হয়ে তার দাদা আব্দুল হাকিম মৃধা ও চাচাতো চাচা ছালাম তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কিশোরীকে নির্যাতনের দৃশ্য দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিম মৃধা ও ছালামের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ দেখে ইতোমধ্যে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’