প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দফতরের সেক্রেটারিয়েট ভবনের ৩৪তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এ তথ্য জানান।
সহকারী প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে।
তিনি আরও জানান, দুই সরকারপ্রধানই পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
বৈঠকের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

