ফুটবল ক্যারিয়ারের সেরা সময়েও মানসিক অবসাদ ও মদ্যপানের সমস্যায় ভুগেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি। একপর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট’ পডকাস্টে ৪১ বছর বয়সী রুনি এসব কথা বলেন। সেখানে তিনি জানান, বিশের দশকের মাঝামাঝি সময়ে মানসিকভাবে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এমনকি নিজেকে সামলাতে না পেরে দিনের পর দিন ঘরে বন্দি থেকে মদ্যপান করতেন।
রুনি বলেন, ‘বিশের দশকের মাঝামাঝি সময়ে গিয়ে আমি জীবনের একেবারে তলানিতে পৌঁছাই। এরপর নিজের সাথে মানিয়ে নিতে শুরু করি। বাড়ি ফিরে দুই দিন নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতাম, শুধু মদ পান করতাম। অথচ তখনই মাঠে আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় চলছিল।’
সেই সময়ের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘একপর্যায়ে এমন অবস্থায় পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবতাম। কারও সাথে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না, এমনকি দোকানেও যেতে ভালো লাগত না।’
রুনি জানান, তার এই পরিস্থিতির প্রভাব পড়েছিল দাম্পত্য জীবনেও। তবে স্ত্রী কোলিনের সহযোগিতা তাকে কঠিন সময় কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও মদ্যপানের অভ্যাস তার মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল বলে মনে করেন না তিনি।
সাবেক এই ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে আমাকে সত্যিই অনেক সংগ্রাম করতে হয়েছে।’
একপর্যায়ে থেরাপির সাহায্যও নিয়েছিলেন রুনি। তবে ফুটবলে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং পুরুষত্বের প্রচলিত ধারণার কারণে শুরুতে সাহায্য চাইতে পারেননি বলে জানান তিনি।
তার ভাষায়, ‘আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সবকিছু আড়াল করার চেষ্টা করেন। নিজের অবস্থা বুঝতে পারলেও তা স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু স্বীকার করলে নিজেকে কম পুরুষ মনে হতো।’
২০২১ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন রুনি। এরপর কোচিং পেশায় যুক্ত হন। সর্বশেষ ২০২৪ সালে ইংলিশ ক্লাব প্লাইমাউথ আর্গাইলের দায়িত্ব পালন করেন তিনি। কোচিংয়ের পাশাপাশি ফুটবল বিশ্লেষক হিসেবেও কাজ করছেন সাবেক এই তারকা। বর্তমানে ব্রিটিশ রিয়েলিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি...গেট মি আউট অব হিয়ার’ এ অংশ নিচ্ছেন তিনি।



