...|...|...

সারাদেশ

তদবির করতে থানায় গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২
Shares
তদবির করতে থানায় গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের নিষ্পত্তি নিয়ে দুই পক্ষের আলোচনায় এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে কাহালু থানার গোলঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের করা একটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে ওই মামলায় তাকে আসামি করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে দুই পক্ষকে নিয়ে থানার গোলঘরে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এ সময় আবু বক্কর সিদ্দিক সেখানে গিয়ে একটি পক্ষের হয়ে কথা বলতে ও তদবির করতে থাকেন।

একপর্যায়ে অপর পক্ষের লোকজন তার পরিচয় ও মামলা থাকার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে পুলিশকে জানান। তারা আবু বক্কর সিদ্দিককে কাহালু উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে থানায় মামলা থাকার বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ তার বিষয়ে তথ্য যাচাই করে মামলার সত্যতা পায়। এরপর থানার গোলঘর থেকেই তাকে গ্রেফতার করা হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের করা একটি মামলা রয়েছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।