...|...|...

বিনোদন

ঢালিউডের অমলিন এক স্বর্ণযুগ নায়করাজ রাজ্জাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৩
Shares
ঢালিউডের অমলিন এক স্বর্ণযুগ নায়করাজ রাজ্জাক

নায়করাজ রাজ্জাক। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর পূর্ণ হলো।

২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতার অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সপ্তম শ্রেণিতে পড়ার সময় মঞ্চ নাটকের মাধ্যমে।

১৯৬৪ সালে সপরিবারে বাংলাদেশে চলে আসেন রাজ্জাক। এরপর কঠোর পরিশ্রম ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন তিনি। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক আবদুল জব্বার খানের সহযোগিতায় চলচ্চিত্রে কাজের সুযোগ পান এই অভিনেতা।

১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রাজ্জাক। একই বছর জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় লখিন্দরের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।

স্বাধীনতার পর রাজ্জাক অভিনীত ‘মানুষের মন’ সিনেমাটি ব্যবসাসফল হলে চলচ্চিত্রে তার জনপ্রিয়তা আরও বাড়ে। এরপর ‘ওরা ১১ জন’, ‘ছন্দ হারিয়ে গেল’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘জীবন থেকে নেয়া’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’ ও ‘ছুটির ঘণ্টা’র মতো সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম প্রধান তারকা।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে রাজ্জাক বাংলা ও উর্দু ভাষার প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’ থেকেও নির্মিত হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজ্জাক।

২০১৫ সালে সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়।

নায়করাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সীমিত পরিসরে ধর্মীয় আয়োজন করা হয়েছে। তার ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট গণমাধ্যমকে জানান, কোরআন খতম, বাদ ফজর কবর জিয়ারত এবং বাদ আসর পরিবারের সদস্যদের নিয়ে দোয়ার আয়োজন করা হবে।

বাংলাদেশের চলচ্চিত্রে রাজ্জাক শুধু একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি যুগের প্রতীক। তার অভিনয়, জনপ্রিয়তা ও দীর্ঘ কর্মজীবনের কারণে ঢালিউডের ইতিহাসে নায়করাজ রাজ্জাকের নাম আজও স্মরণীয় হয়ে আছে।