ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে অশ্বত্থগাছের নিচে লাল টেপে মোড়ানো একটি বাক্স ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাদা ব্যাগে রাখা বাক্সটি খুলে ভেতরে গোলাপ ফুল ও হুমকিসংবলিত একটি চিঠি পাওয়া যায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাক্সটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
চিঠিতে রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। এ জন্য দায়ীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি ‘অবৈধ সরকারের অবৈধ হুলিয়া’ অনুসরণ না করার হুঁশিয়ারিও রয়েছে। তবে বাক্সটি কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
চিঠির শুরুতে লেখা হয়েছে, ‘সকলকে November Rain-এর শুভেচ্ছা। ২৪-এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধবিরোধী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাঁথা। যে দলেরই হোক না কেন, দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হলো।’
চিঠির পরের অংশে লেখা হয়েছে, ‘আজকে false sample দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। It's your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন, তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে।’
আরও লেখা হয়েছে, ‘বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মতো আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’ চিঠির শেষাংশে বলা হয়েছে, ‘It's coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘আমি আজ ছুটিতে আছি। আমি ঢাকার বাইরে ছিলাম। এইমাত্র ঢাকায় ঢুকতেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন কথা লেখা রয়েছে।
চিঠির তথ্যের উৎস ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি, গোপনীয়তা রক্ষার্থে বলা যাবে না। আমরা জিডিতে নোট দিয়ে রাখব।’


