...|...|...

ক্যাম্পাস

ঢাবিতে ২০০ ডাস্টবিন স্থাপন করল ডিএসসিসি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২১
Shares
ঢাবিতে ২০০ ডাস্টবিন স্থাপন করল ডিএসসিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ২০০টি ডাস্টবিন স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ, বায়ুদূষণ ও নগরীর অপরিচ্ছন্নতা মোকাবিলায় রাজধানীর ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানও শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর সব শিক্ষার্থীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতিকে পথ দেখিয়েছে। বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা সবার দায়িত্ব।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় ডিএসসিসির পক্ষ থেকে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে ডিএসসিসির স্থাপন করা ২০০টি ডাস্টবিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।

এ ছাড়া ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।