...|...|...

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৭
Shares
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিব করা হয়েছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্তির এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

রবিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।

অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই দিন দলের সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মোস্তফা জামান।