...|...|...

ক্যাম্পাস

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৪ | আপডেট: ১ অক্টোবর ২০২৬, রাত ১১:২৪
Shares
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত ও অনৈতিক বলে দাবি করেছেন অধ্যাপক জিনাত হুদা। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের একটিও তারা প্রমাণ করতে পারেনি। ছয়টি অভিযোগই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেয়া এখানে তাদের উদ্দেশ্য।

সাদা দল স্পষ্টত অন্যান্য সকল পদের মতো শিক্ষক সমিতির পদও দখল করতে চায়। আর আমাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সমাজবিজ্ঞান পদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়ে বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন তারা অমেধাবীদের সুযোগ করে দিতে চাচ্ছে।’

অধ্যাপক জিনাত হুদা জানান, প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে আইনগত প্রক্রিয়ায় কীভাবে এগোনো যায়, সে বিষয়েও চিন্তাভাবনা করবেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।