জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রদর্শিত তথ্যচিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় সৃষ্ট পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বুধবার (৫ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় রাষ্ট্রপতির উপস্থিতিতে বিষয়টি উত্থাপিত হওয়ার পরপরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তথ্যচিত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাস দেন। একই সঙ্গে প্রতিমন্ত্রীও এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন।
মন্ত্রণালয় জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন করে শিগগিরই পুনরায় প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতার কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলির যথাযথ প্রতিফলন না হওয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি, সংগঠন বা গণ-অভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা বা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না এবং নেই।
মন্ত্রণালয় জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণের লক্ষ্যে বিশেষজ্ঞ, গবেষক ও আন্দোলনের প্রতিনিধিদের মতামত নিয়ে তথ্যচিত্রটি সংশোধনের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। সংশোধিত তথ্যচিত্রে আন্দোলনের প্রকৃত ইতিহাস, ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সবার অবদান যথাযথভাবে তুলে ধরা হবে বলেও জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জন্য পুনরায় দুঃখ প্রকাশ করে ইতিহাস সংরক্ষণে সবার গঠনমূলক মতামত, সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


