পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেসের’ ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। আজ তিন দিনের ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।
পাবনা থেকে ঢাকা রুটে ট্রেনের টিকিটের দাম ধরা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যোগ হবে। সব মিলিয়ে টিকিটের দাম দাঁড়িয়েছে ৪৪৫ টাকা।
বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত পাবনা ‘গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং পাবনা ‘প্রভাতি এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।


