...|...|...

জাতীয়

এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফলাফলকেন্দ্রিক হতাশা ও মানসিক চাপে সারাদেশে মোট ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র ১০ দিনের ব্যবধানে প্রাণ হারিয়েছে ৯ জন এবং এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করেছিল আরও ১১ জন শিক্ষার্থী।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে উদ্বেগজনক এ চিত্র তুলে ধরেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’। সংগঠনটির তথ্যমতে, প্রাথমিক সংবাদ প্রতিবেদন এবং পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে- পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থতা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক চাপের কারণেই শিক্ষার্থীরা আত্মহননের পথ বেছে নিয়েছে।

বিভাগ ও লিঙ্গভিত্তিক পরিসংখ্যান
আঁচল ফাউন্ডেশনের সংকলিত তথ্য অনুযায়ী, এইচএসসি ফল প্রকাশের পর আত্মহত্যাকারী ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এ বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট ৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একজন করে শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঘাটতি
সংগঠনটি মনে করে, এসব ঘটনা দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার ফলাফলকেন্দ্রিক অতিরিক্ত চাপ, ব্যর্থতা মেনে নেওয়ার মানসিক প্রস্তুতির অভাব এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার সীমাবদ্ধতাকে নতুন করে সামনে এনেছে। ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে।

আঁচল ফাউন্ডেশন জানিয়েছে, ফল প্রকাশের সময় শুধু পরবর্তী শ্রেণিতে ভর্তির বিষয়টি গুরুত্ব পেলেই চলবে না; শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতিও সমান মনোযোগ দিতে হবে। অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত অপরাধবোধ বা আচরণগত পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আঁচল ফাউন্ডেশনের ৭ দফা সুপারিশ
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় আঁচল ফাউন্ডেশন সাতটি সুপারিশ পেশ করেছে:
১. পরামর্শসেবা নিশ্চিতকরণ: পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে।
২. পরিবারের সহানুভূতিশীল আচরণ: অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারকে সহানুভূতিশীল হতে হবে। কোনো ধরনের অপমান, ভর্ৎসনা, তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৩. দৃষ্টিভঙ্গির পরিবর্তন: পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
৪. প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণ: ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করতে হবে।
৫. বিনা মূল্যে জরুরি সেবা: শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে।
৬. সচেতনতামূলক কার্যক্রম: শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৭. সমন্বিত উদ্যোগ: ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা যেন দ্রুত সহায়তা পেতে পারে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে।