...|...|...

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মারা গেলেন রোগী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৮
Shares
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মারা গেলেন রোগী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ছবি: সংগৃহীত

‘হাসপাতালে পৌঁছাতে পারলেই হয়তো বাঁচানো যেত’ স্বজনদের এমন আকুতি আর কান্নার মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন আমিরুন্নেছা নামে এক রোগী। 

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকায় নেওয়ার পথে প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। 

আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। 

স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হই। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। এরপর দীর্ঘ চার ঘণ্টা গাড়ি প্রায় স্থবির হয়ে থাকায় শেষ পর্যন্ত সাড়ে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। 

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শুক্রবার সকাল ৮টায় আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এ যানজটের সৃষ্টি হয়। শনিবার বেলা ১১টা পর্যন্তও যানজট অব্যাহত ছিল। 

দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই খাবার ও পানির সংকটে পড়েছেন। 

চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়ি। সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হই। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরুর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো রয়েছে। যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।