রাজধানী ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। একই সাথে সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোজী আকতারের নিয়োগের মধ্য দিয়ে কুমিল্লা জেলা প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক পেল।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই শূন্য পদে মু. রেজা হাসানকে দায়িত্ব দেওয়া হলো।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


