ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলটির প্রার্থী করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিন ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সাথে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ এবং তাদের সাথে সম্পৃক্ততা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
সভায় নাহিদ ইসলাম পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের তৎপরতার ওপর কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।
সমন্বয় সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


