প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় র্যালি, সচেতনতামূলক প্রচারাভিযান ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন যুব সদস্য অংশ নেন। বরগুনা ইউনিটের পাশাপাশি বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের যুব সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব ও আজীবন সদস্য হুমায়ূন হাসান শাহিন, রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, সদস্য এজেডএম সালেহ ফারুক, নাসির উদ্দিন মোল্লা, মীর সানাউল হক, ইউনিট লেভেল অফিসার এমএ করিম, সাবেক যুব প্রধান আব্দুর রহমান সজিব, যুব প্রধান মো. সজিব হোসেনসহ যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরা হয়।
র্যালি শেষে যুব সদস্যদের বিভিন্ন দলে ভাগ করে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। টাউন হল এলাকা, মাছ ও কাঁচাবাজার, নজরুল ইসলাম সড়ক, হাসপাতাল সড়ক, কলেজ রোড, লাকুরতলা টাউন হল ব্রিজ, থানাপাড়া, ডিসি অফিস ও হাসপাতাল এলাকা, আমতলাপাড়া, চরকলোনীসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচি বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন টিম র্যালি, ট্রাফিক ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, মিডিয়া কার্যক্রম ও এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযানে দায়িত্ব পালন করেন।
যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো. সজিব হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে জনস্বাস্থ্য সুরক্ষা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করেন, যুব রেড ক্রিসেন্টের এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


