বছরের শেষ মাস ডিসেম্বরেই দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষার্থী ও শিক্ষকরা। শীতকালীন অবকাশের সাথে বড়দিন, বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় ছুটির মেয়াদ হবে ভিন্ন ভিন্ন। ছুটির তালিকা অনুযায়ী, কোনো কোনো স্তরে টানা ১২ দিন, কোথাও ১৫ দিন আবার কোথাও ১৮ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি পর্যালোচনায় ছুটির এ চিত্র পাওয়া গেছে।
প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ২০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর। এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। ২০ ডিসেম্বর রবিবার হওয়ায় অবকাশ শুরুর আগের দুই দিন শুক্র ও শনিবারও বিদ্যালয় বন্ধ থাকবে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন।
মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্যও ডিসেম্বরের শেষ ভাগে ১২ দিনের শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ২০ ডিসেম্বর থেকে এ ছুটি শুরু হবে এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটি শুরুর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের অবকাশ পাবেন।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
কলেজ পর্যায়ে ছুটির সময় আরও দীর্ঘ। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এতে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ছুটির মেয়াদ দাঁড়াবে ১৮ দিন।
মাদ্রাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর। ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে মোট ১৫ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
ডিসেম্বরের এই অবকাশের মধ্য দিয়েই ২০২৬ শিক্ষাবর্ষের ছুটি শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত অবকাশ পেতে পারেন।
২০২৭ সালে ছুটি ৭০ দিন
এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি রাখার পরিকল্পনা করা হয়েছে।
খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন ছুটি প্রস্তাব করা হয়েছে। ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন নির্ধারণের প্রস্তাব রয়েছে।

