...|...|...

খেলা

ডিসেম্বরেই কি ফুটবলকে বিদায় জানাবেন নেইমার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, বিকেল ৩:০৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০১
Shares
ডিসেম্বরেই কি ফুটবলকে বিদায় জানাবেন নেইমার

ফাইল ছবি

ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান না। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে খেলা চালিয়ে যাবেন, অন্য কোথাও পাড়ি জমাবেন, নাকি পুরোপুরি ফুটবলকে বিদায় জানাবেন- সে বিষয়ে ডিসেম্বরেই সিদ্ধান্ত নেবেন তিনি। এমনকি ২০২৭ সালে অবসরের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এই ফরোয়ার্ড।

সম্প্রতি সাও পাওলোতে ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’-এর একটি দাতব্য নিলামে অংশ নেওয়ার সময় নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান, তিনি এই মুহূর্তে এক ম্যাচ করে সামনে এগোতে চান। ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, শারীরিকভাবে তিনি এখন বেশ ভালো বোধ করছেন এবং সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চান।

এদিকে সান্তোসের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। আজ সকালে বেলেমে দলটির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার, যেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সান্তোসের। কোচ সুযোগ দিলে মাঠে নেমে দলকে জেতানোর জন্য তিনি শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন।

অন্যদিকে, ব্রাজিল জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে নেইমার ইতিপূর্বে জানিয়েছিলেন যে হলুদ জার্সিতে তার সময় শেষ হয়েছে। তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না দেখার অনুরোধ করেছেন। তার মতে, কঠিন একটি বিশ্বকাপ শেষ হওয়ার পর এটি কেবল তার ছেলের তখনকার আবেগজনিত ভাবনা মাত্র, চূড়ান্ত কোনো ঘোষণা নয়।