...|...|...

জাতীয়

ট্যাংক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় জানা গেল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
ট্যাংক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় জানা গেল

ফাইল ছবি

সন্তান জন্মের আনন্দের রেশ কাটতে না কাটতেই না-ফেরার দেশে পাড়ি জমালেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় ট্যাংক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেক সেনাসদস্য তাসনিম রিফাত।

বুধবার (৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সেনাসদস্যের পরিচয় নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে বাবা হয়েছিলেন তিনি। সদ্যজাত সন্তানকে পৃথিবীতে রেখে তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্য। ছবি: সংগৃহীত

অন্যদিকে নিহত সৈনিক তাসনিম রিফাত রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজো সন্তান।

প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তাসনিম রিফাত। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ‘জুঁই’ নামের প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান।

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে তদন্ত ও অনুসন্ধানের কার্যক্রম চলছে।