...|...|...

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। চক্রের বাকি ছয়টি ম্যাচের চারটি দেশের মাটিতে হওয়ায় পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। সেই লক্ষ্য পূরণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হারতে হয়েছে দলকে। এর আগে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। যদিও ওই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, সামনে থাকা সিরিজের গুরুত্ব বিবেচনায় এখন সাদা পোশাকের ক্রিকেটেই মনোযোগ দিতে চান সিমন্স।

সোমবার (২৬ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দলের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন।

সিমন্স বলেন, টেস্ট ক্রিকেটের প্রতি দলের মনোযোগ ভালো। খেলোয়াড়েরা ফাইনালে জায়গা করে নিতে চান এবং সামনে পাওয়া সুযোগ কাজে লাগাতে প্রস্তুত রয়েছেন তারা।

বর্তমানে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আসন্ন সিরিজে ক্যারিবীয়দের ২-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্টের হার বেড়ে ৬৬.৬৭ শতাংশে পৌঁছাবে। তাতে তালিকায় তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সমান অবস্থানে যাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না সিমন্স। তার মতে, ক্যারিবীয় দলটি নিজেদের সর্বশেষ দুই টেস্টে ভালো খেলেছে। পাশাপাশি ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। তাই সিরিজে ভালো করতে বাংলাদেশকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।

আগামী বুধবার (২৮ অক্টোবর) মিরপুরে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ম্যাচের উইকেট সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাননি বাংলাদেশ কোচ। তিনি জানান, উইকেট এখনো দেখা হয়নি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কঠিন সিরিজের জন্য প্রস্তুত থাকতে হবে দলকে।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন সিমন্স। তার ভাষ্য, টেস্ট দলের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করছেন। সাদা বলের ক্রিকেটে ব্যস্ত থাকা খেলোয়াড়েরাও এখন টেস্টের প্রস্তুতিতে নিজেদের ব্যস্ত রাখছেন।

দলের চোট ও অন্যান্য সমস্যা নিয়ে বাড়তি চিন্তা না করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন কোচ। লিটন দাসের বিষয়ে তিনি জানান, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না এলে স্কোয়াডে তাকে পাওয়া যাবে। অন্যদিকে পেসার নাহিদ রানাকে না পাওয়াটা দলের জন্য ক্ষতি হলেও স্কোয়াডের অন্য ক্রিকেটাররা সেই ঘাটতি পূরণে প্রস্তুত বলে মনে করেন সিমন্স।

ফাইনালে ওঠার লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তাই শুধু ঘরের মাঠের লড়াই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ারও গুরুত্বপূর্ণ সুযোগ।