ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জমকালো আয়োজন ঘিরে এখন বিশ্বজুড়ে টানটান উত্তেজনা। কার হাতে উঠবে কাঙ্ক্ষিত সোনালি ট্রফি আর কে জিতবেন ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি?
ফুটবলপ্রেমীদের এই সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। বিশেষ করে এবারের ৭০তম আসর প্যারিসের পরিবর্তে প্রথমবারের মতো বসছে ইংল্যান্ডের লন্ডনে।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টায় রেড কার্পেট পর্ব দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। আর মূল অনুষ্ঠান শুরু হবে রাত ২টায়।
টিভির সামনে বসে খেলা বা অনুষ্ঠান দেখার সুযোগ না থাকলেও স্মার্টফোনেই পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। অনুষ্ঠানটি সরাসরি দেখতে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনের (DAZN) ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা যেতে পারে। তবে অঞ্চলভিত্তিক সম্প্রচার-স্বত্বের ওপর নির্ভর করায় অনুষ্ঠান শুরুর আগে প্ল্যাটফর্মটিতে সম্প্রচারের প্রাপ্যতা যাচাই করে নেওয়া ভালো।
এ ছাড়া ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও অনুষ্ঠানের রিয়েল-টাইম আপডেট, ঘোষণা এবং বিজয়ীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।

