ওয়ানডে ক্রিকেটে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বিরাট কোহলি। রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক হতে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। একই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও সর্বোচ্চ রানের রেকর্ডে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে জায়গা করে নিয়েছেন এই ভারতীয় ব্যাটার।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংস ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়।
এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডেতে রান তাড়ার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন কোহলি। এতদিন এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে ২৩২ বার ব্যাট করে ১৭টি সেঞ্চুরি ও ৫২টি ফিফটির সাহায্যে ৮ হাজার ৭২০ রান করেছিলেন টেন্ডুলকার।
অন্যদিকে, কোহলি মাত্র ১৬৯ ইনিংসেই টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন। ৩০টি সেঞ্চুরি ও ৪৬টি ফিফটির সুবাদে রান তাড়ায় তার সংগ্রহ এখন ৮ হাজার ৭৪১। প্রথম ব্যাটার হিসেবে এই সংস্করণে দ্বিতীয় ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগও এখন তার সামনে।
কোহলি ও টেন্ডুলকার ছাড়া ওয়ানডেতে রান তাড়ার দ্বিতীয় ইনিংসে আর কোনো ব্যাটার ৭ হাজার রানও করতে পারেননি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ১৬৩ ইনিংসে তার সংগ্রহ ৬ হাজার ৮০১ রান। এ সময়ে ১৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটি করেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডেও পন্টিংয়ের সঙ্গে শীর্ষে উঠে এসেছেন কোহলি। কিউইদের বিপক্ষে দীর্ঘ ক্যারিয়ারে ৫০ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে ১ হাজার ৯৭১ রান করেছিলেন পন্টিং।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৭ ইনিংসেই সমান রান করেছেন কোহলি। এ সময়ে তার সেঞ্চুরি ৭টি এবং ফিফটি ১১টি। ফলে কম ইনিংসে পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় এই তারকা।


