গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়। পরপর দুটি ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

