...|...|...

আইন ও আদালত

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সাথে জড়িত গ্রেফতার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের স্বার্থে আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকেল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের এজলাসে তোলা হয়।

শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।