...|...|...

সারাদেশ

টিকটকে পরিচয়, দেখা করতে ডেকে কিশোরীকে ধর্ষণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৩
Shares
টিকটকে পরিচয়, দেখা করতে ডেকে কিশোরীকে ধর্ষণ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণের সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত রাজীব আহমেদকে (২০) শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ময়নামতি এলাকা থেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

আটক রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। ওই কিশোরীর গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর গুলশানের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে রাজীব আহমেদের সাথে ওই কিশোরীর পরিচয় হয়। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় আসে কিশোরীটি। রাত ৯টার পর ময়নামতি এলাকায় বাস থেকে নামার পর রাজীবের সাথে তার দেখা হয়।

এরপর তারা স্থানীয় একটি রেস্তোরাঁয় খাবার খায়। রাত ১টার দিকে রাজীব তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে পাহাড়ের পাদদেশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছে কিশোরীটি। পরে তাকে মারধর করে রাজীব সেখান থেকে চলে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই কিশোরী ঢাকা থেকে কুমিল্লায় এসে ধর্ষণের শিকার হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে এ ঘটনায় জড়িত রাজীবকে আটক করা হয়েছে।