চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টটেনহ্যাম হটস্পারের। আসরে টানা চার ম্যাচ খেলে ফেললেও এখনো একটি গোলের দেখাও পায়নি উত্তর লন্ডনের ক্লাবটি। স্পার্সদের এমন গোলখরা নিয়ে মজার খোঁচা দিয়েছে জনপ্রিয় পিৎজা চেইন ডোমিনোজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রসিকতা করে ডোমিনোজ লিখেছে—প্রিমিয়ার লিগে টটেনহ্যাম তাদের শেষ গোলটি করার পর থেকে তারা এ পর্যন্ত ৪৮ কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৪৭৮টি (প্রায় ৪৯ কোটি) পিৎজা ডেলিভারি দিয়ে ফেলেছে!
ইতালিয়ান কোচ রবার্তো দে জার্বির অধীনে নতুন মরশুমের সূচনাটা টটেনহ্যামের জন্য অত্যন্ত হতাশাজনক। প্রথম চার রাউন্ডে প্রতিপক্ষের জালে বল পাঠাতে না পারা ক্লাবের ইতিহাসেই অন্যতম বাজে রেকর্ড।
ঘরের মাঠে এভারটনের বিপক্ষে সবশেষ ম্যাচে গোলশূন্য ড্র করার পর ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট (২ ড্র, ২ হার) নিয়ে টেবিলের ১৭ নম্বরে নেমে গেছে দে জার্বির দল। মাঠে এমন ব্যর্থতার কারণে সমর্থক ও ক্লাব প্রশাসনের দিক থেকে নতুন কোচের ওপর চাপ ক্রমেই বাড়ছে।


