...|...|...

সারাদেশ

টঙ্গীতে ডজনখানেক ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৪
Shares
টঙ্গীতে ডজনখানেক ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় ককটেল সদৃশ ডজনখানেক বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তুগুলো শনাক্ত করতে ঘটনাস্থলে আসছে বোম ডিসপোজাল ইউনিট।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে ককটেল সদৃশ এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে তারা।

বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটটি ঘটনাস্থলে এসে এগুলো পরীক্ষা করবে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ককটেলের মতো দেখতে ১০ থেকে ১২টি বস্তু দেখা গেছে। আমরা ধারণা করছি, এগুলো ককটেল হতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।